২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬

“বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত।”

বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬
ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। 

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ির বান্দাঘাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান।  

নিহতরা হলেন- মোস্তফা (৫৫) এবং মিলন (৩৫)। হতাহতদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইট-বালু বোঝাই একটি ট্রলার নিয়ে আট শ্রমিক যাচ্ছিলেন। পথে মুষলধারে বৃষ্টি শুরু হলে তারা ট্রলার থামিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। ট্রলার থেকে ঘরে যাওয়ার পথেই শ্রমিকরা বজ্রপাতের শিকার হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “বজ্রপাতে আহত আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত।”