১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গী ফ্লাইওভারে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেছে বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে টঙ্গী বাজার ফ্লাইওভারের উপর এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান।

নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, রাত ১টার দিকে ফ্লাইওভারের উপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে।

চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহফুজের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে পরিচয় শনাক্ত করে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর থেকে টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। প্রতিনিয়ত এসব স্থানে প্রাণ ও সম্পদ হারাচ্ছেন পথচারীরা। এ নিয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বলেন, রাত হলেই এ এলাকায় আতঙ্ক শুরু হয়। কে কখন ছিনতাইকারীর কবলে পড়বে বলা যায় না। তাদের হাত থেকে ছাত্ররাও রক্ষা পাচ্ছে না।

ওসি হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।