নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হত্যা, আরেকজন আহত
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেইট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান।
নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান।
আহত চাঁদনী ওরফে বাবু (২৬) একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। চাঁদনী ওরফে বাবুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মুজিবুর রহমান বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
