২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ৭ পাতিল খিচুড়ি জব্দ, জরিমানা

জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি)।

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ৭ পাতিল খিচুড়ি জব্দ, জরিমানা
সাত পাতিল খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 11:53 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘন করে খিচুড়ি রান্না করায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে সাত পাতিল খিচুড়ি। 

শুক্রবার বিকালে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের নির্বাচনী সমাবেশের জন্য রান্না করা এসব খিচুড়ি জব্দ করেন ঈশ্বরদীর উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন খান। 

সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান জানান, চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে আসা মানুষদের জন্য ভাদুর বাড়ির পাশের খোলায় খিচুড়ি রান্না করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাত পাতিল খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।  

এর আগে গত ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়। এরই প্রেক্ষিতে ১৪ মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন শোকজ করেন। 

কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রার্থী রানা সরদার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। রিটার্নিং অফিসার প্রথমবারের মতো ক্ষমা করেন।

আরও পড়ুন

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ