২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

তিন দিনের মধ্যে এমদাদুল হক রানাকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
এমদাদুল হক রানা সরদার।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 02:32 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

নোটিশে বলা হয়, “তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক রানা সরদার। গত ১৩ মে সকালে তাকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু  ১৪ মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

“তার দাখিলকৃত অভিযোগপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায় যে, ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়েছে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা সুষ্ঠু লঙ্ঘনের শামিল।”

নির্বাচন বিধিমালা, ২০১৬ এর ১১ (২) ও ১৩ (ক) ধারা লঙ্ঘনের অভিযোগে এমদাদুল হক রানা সরদারকে আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে এমদাদুল হক রানা সরদার বলেন, “রিটার্নিং কর্মকর্তার কারণ দর্শানোর চিঠি পেয়েছি। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”