১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রয়েছে। সকালে ফের শুরু হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 12:12 AM

Updated : 26 Aug 2026, 10:27 AM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে নদে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান।

নিখোঁজ শিশুরা হল- ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭); আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭)।

নিখোঁজ চারটি শিশুই স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।  

এর মধ্যে আখি চতুর্থ শ্রেণি ও বাকি তিন শিশু প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাঁচ শিশু মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসলে নামে। 

এদের মধ্যে একটি শিশু পাড়ে উঠতে পারলেও চারটি শিশুই স্রোতের টানে ডুবে যায়। 

খবর পেয়ে গ্রামবাসী শিশুদের খোঁজাখুঁজি করেও পায়নি। 

আলাল উদ্দিন আরও বলেন, রাত হয়ে যাওয়ায় তাদের খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা রয়েছে।

নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অষ্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। নিখোঁজ শিশুদের উদ্ধারের জন্য স্থানীয়রা নানাভাবে খুঁজছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাউকেও উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ। আগামীকাল ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ চার শিশুর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।