২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালিয়াজুরীতে বিশৃঙ্খলায় নেত্রকোণা আ.লীগের ২ উপজেলা সম্মেলন স্থগিত

খালিয়াজুরীতে ঘোষিত কমিটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী খান।

খালিয়াজুরীতে বিশৃঙ্খলায় নেত্রকোণা আ.লীগের ২ উপজেলা সম্মেলন স্থগিত

খালিয়াজুরী উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে পদ বঞ্চিতরা মঞ্চ ও প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 02:14 PM

Updated : 20 Oct 2022, 02:18 PM

নেত্রকোণায় আওয়ামী লীগের এক উপজেলা সম্মেলনকে ঘিরে বিশৃঙ্খলা হওয়ায় জেলার অন্য দুই উপজেলায় সম্মেলন স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার মোহনগঞ্জ ও শুক্রবার বারহাট্টা উপজেলায় সম্মেলন হওয়ার কথা ছিল। বুধবার রাতে এই দুই উপজেলার সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান। 

তিনি বলেন, “খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণার পর বিশৃঙ্খলা হয়। এ পরিস্থিতিতে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। এই দুই উপজেলার সম্মেলনের তারিখ পরে নির্ধারণ করা হবে।” 

তিনি আরও বলেন, “খালিয়াজুরীতে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।” 

এর আগে বুধবার দুপুরে খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান। 

সম্মেলনে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার, কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। 

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সঞ্চালনা করেন। 

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী আওয়ামী লীগের খালিয়াজুরী উপজেলার সভাপতি হিসেবে নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের নাম ঘোষণা করেন। 

নাম ঘোষণার পর বিক্ষোভ করেন বঞ্চিতরা। তারা মঞ্চ ও প্যান্ডেলের চেয়ার ভাঙচুরও করেন। 

বিক্ষোভের মধ্যে এক পর্যায়ে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা খালিয়াজুরী ত্যাগ করেন।