২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ১২ পাট গুদাম পুড়ে ছাই

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ৬ হাজার ৬৫০ মণ পাট পুড়ে যাওয়ার কথা জানায়।

মাগুরায় ১২ পাট গুদাম পুড়ে ছাই

আগুনে বিপুল পরিমান পাট পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 08:52 PM

Updated : 17 Dec 2022, 08:51 PM

মাগুরার শ্রীপুর উপজেলার ১২টি পাট গুদাম পুড়ে ছাই হয়েছে। 

শুক্রবার গভীর রাতে উপজেলার ল্ঙ্গালবাঁধ বাজারে এ ঘটনা ঘটে মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলি সাজ্জাদ জানান।

এতে বিপুল পরিমান পাট পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মাগুরার শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সীমান্তে লাঙ্গলবাঁধ বাজারের অবস্থান। বাজারটি এ অঞ্চলের বড় পাটের মোকাম।

আলি সাজ্জাদ জানান, শুক্রবার গভীর রাতে ওই বাজারের উত্তর পাশের একটি পাট গুদামে আগুন লাগে। আগুন দ্রুত বাজারের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর ও শৈলকুপা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভাতে শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে নুরুল ইসলাম, পলাশ কুণ্ডু, বিল্লাল হোসেন, মামুন হোসেন, আলম খান, শহিদুল ইসলাম, ফারুক মণ্ডল, বিমল কুণ্ডু ও হালিম বিশ্বাসের ১২টি গুদামের পাট পুড়েছে; একটি বাড়িও পুড়ে। 

Image

আগুনে বিপুল পরিমান পাট পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা ৬ হাজার ৬৫০ মণ পাট পুড়ে যাওয়ার কথা জানান।

“টাকার অংকে কী পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপনের কাজ চলছে।” 

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, আগুনে তার দুই হাজার মণ পাট পুড়েছে।

অপর ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “গুদামে আগুন লাগার খবর পেয়ে বাজারে আসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে সকালে আগুন নেভায়।”