কালীগঞ্জে ক্ষেত থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
তাপসের ভাই বিদ্যুৎ কুমার জানান, তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ক্ষেত থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা গ্রামের জামতলা মাঠ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা।
নিহত তাপস কুমার বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল কুমার বিষ্ণুর ছেলে। ৫৫ বছরের চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
তাপসের ভাই বিদ্যুৎ কুমার বিষ্ণু জানান, তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন।
এরপর ঈশ্বরবা গ্রামের ক্ষেতে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের লাশ শনাক্ত করেন।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুর রহিম জানান, শনিবার রাত থেকে ওই ব্যক্তি ঈশ্বরবা জামতলা এলাকায় ঘুরাফেরা করছিলেন।বিভিন্ন দোকানে চা-নাস্তাও খেয়েছেন। কিন্তু রাত ৯টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।
পরে রোববার সকালে ক্ষেতে সেচের পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি।
