২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্পদ গোপন’: গোয়ালন্দের মেয়রের বিরুদ্ধে মামলা

মেয়রের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা হয়েছে বলে জানান বাদী।

‘সম্পদ গোপন’: গোয়ালন্দের মেয়রের বিরুদ্ধে মামলা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 06:30 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন-দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে রোববার মামলাটি করেন। 

মামলার বরাতে সোমবার দুপুরে বাদী সাংবাদিকদের জানান, নজরুল ইসলাম তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। 

ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লাখ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সিসি ঋণ পরিশোধ করলেও সম্পদ বিবররণী দেখিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা হয়েছে বলে জানান বাদী। 

দুদক জানায়, ২০১৯ সালের ১৮ নভেম্বর ই/আর নং-৬০/২০১৯ অনুসন্ধান শেষে মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়।