১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা

আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 12:46 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে শনিবার সকালে জানিয়েছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান।

আহত আতিক মৃধা (৩০) মেম্বার গট্টি এলাকার মুন্নু মৃধার ছেলে। সালথা বাজারে তার একটি লেডের দোকান রয়েছে। সেখানে নসিমন তৈরিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রি করেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আতিক শুক্রবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দরগাগট্টি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করে। 

পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আতাউর রহমান আরও বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধে তাকে হাতুড়িপেটা করা হয় বলে শুনেছি।”

“এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”, বলেন ওসি।