২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা: সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘন কুয়াশা: সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 09:25 AM

Updated : 12 Dec 2023, 09:25 AM

ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টায় ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেসময় বনলতা ফেরিটি মাঝ নদীতে আটকা পড়ে।

“কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা ফেরিটিও পাড়ে ফিরে আসে।”

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরেজমিনে সকাল ৬টায় দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

Image

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাক চালক মো. শাহিন বলেন, রাত ২টায় তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আসেন। সে সময় তিনি জানতে পারেন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। তখন থেকে তিনি ঘাট এলাকাতেই অবস্থান করছে।

সাতক্ষীরার ভোমড়া থেকে আসা আরেক ট্রাক চালক জাকির হোসেন বলেন, রাত ৩টা থেকে ঘাট থেকে দেড় কিলোমিটার দূরে বসে আছি। শীতের মধ্যে কষ্টতো হচ্ছেই। এখন অপেক্ষায় আছি কখন ফেরি চলাচল শুরু হয়।

সাতক্ষীরা লাইন পরিবহনের যাত্রী আমেনা খাতুন বলেন, রাত থেকে বাসের মধ্যে বসে আছি। শীতের মধ্যে কষ্টতো হচ্ছেই। এ ছাড়া ঘাট এলাকায় পর্যাপ্ত শৌচাগার ব্যবস্থা না থাকায় আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা শাহ মো. খালেদ নেওয়াজ জানান, এই রুটে ছোট বড় মিলে ১৭ টি ফেরি রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।