২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

মানিকগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এ সংঘর্ষ হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 04:23 PM

Updated : 01 Sep 2022, 04:29 PM

মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ উপলক্ষে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় মিছিলের পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রথমে লাঠিপেটা পরে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন আগে আমরা পুলিশের কাছে অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে।”

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশি বলেন, “মানুষকে কষ্ট দিয়ে তাণ্ডব চালাতে চায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের তাণ্ডব ঠেকাতে মাঠে ছিল ছাত্রলীগ। তাদের তাণ্ডব প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, বিএনপির দলীয় সমর্থকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে আটক করা হয়।