২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ

পরে মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়। তাদের মধ্যে ১১ জনকে পুশইন করে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। 

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এবং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মোর্শেদ জানান। 

পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে বলে জানান তিনি। 

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নিরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) এবং খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)। এ ছাড়া তাদের সঙ্গে একজন ১০ বছরের বালক ছিল। 

বিজিবি জানায়, আটকদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে মুম্বাই থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত তারা পুলিশ হেফাজতে ছিলেন। 

পরে মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়। তাদের মধ্যে ১১ জনকে পুশইন করে।

বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন, বিজিবি মামলা করলে তাদের আদালতে পাঠানো হবে।