১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

“ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না।”

মেস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেদী হাসান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 01:27 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ তার মেসের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ।

মেহেদী হাসান নামের ওই শিক্ষার্থী রুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি রংপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম মো. নূর ইসলাম। 

রুয়েটের ছাত্র উপদেষ্টা রবিউল ইসলাম সরকার বলেন, “দুই সিটের একটি রুমে থাকতেন মেহেদী। তার রুমমেট নেই। রুমে একাই ছিলেন মেহেদী।” 

তিনি বলেন, “শুক্রবার দুপুর থেকে মেহেদীর মা তাকে ফোনে পাচ্ছিলেন না। এভাবে সারাদিন গড়িয়ে গেলে রাত ১২টার দিকে তিনি ছাত্রাবাসের অন্য এক ছাত্রকে ফোন করেন । তখন শিক্ষার্থীরা গিয়ে দেখেন যে মেহেদীর রুম ভেতর থেকে লাগানো। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেহেদীর ঝুলন্ত লাশ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়।’’

ছাত্র উপদেষ্টা বলেন, “মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বেরিয়ে গিয়েছেন। কিন্তু এক বিষয়ে ফেল থাকার কারণে মেহেদী যেতে পারেননি। এটা নিয়ে তার ডিপ্রেশন ছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এই ডিপ্রেশনের কারণে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”

ওসি মেহেদী মাসুদ বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

“ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না।”

ওসি আরও বলেন, “তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।”