গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় সাত বছরের এক শিশুর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক শিশু।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানিয়েছেন।
নিহত মহিমা খানম ওই আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে।
এ ঘটনায় আহত দশ বছর বয়সী মীম খানম আশ্রয়ণ প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
ওসি মাসুদ বলেন, “একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা নিহত হয়।”
গুরুতর অবস্থায় মীমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
