২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকার প্রার্থীকে কেউ মেনে নিবে না: বগুড়ায় হিরো আলম

নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম বলেন, “আমার সাথে অনেকেই আছে। সময়ে জানতে পারবেন। ”

নৌকার প্রার্থীকে কেউ মেনে নিবে না: বগুড়ায় হিরো আলম

নির্বাচনের প্রচারের সময় নন্দীগ্রাম পৌর কৃষক লীগ নেতাদের সঙ্গে দলীয় কার্যালয়ে দেখা করে মতবিনিময়ও করেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 11:59 AM

Updated : 23 Dec 2023, 11:59 AM

বগুড়া-৪ আসনে নৌকার প্রার্থীকে কেউ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

তিনি বলেছেন, “নৌকার প্রার্থীকে কেউ মেনে নিবে না। কারণ, উনার অতীত এবং বর্তমান চালচলন, আচরণ এলাকাবাসী ভালোভাবেই জানে।”

শুক্রবার কাহালু উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। 

এদিন তিনি কাহালু উপজেলার মুরইল বাজার থেকে প্রচার শুরু করেন। এরপর দেওগ্রাম, দুর্গাপুরসহ নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই, ত্রিমোহনী, কল্যাণপুর এবং পৌর এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি নন্দীগ্রাম পৌর কৃষক লীগ নেতাদের সঙ্গে দলীয় কার্যালয়ে দেখা করে মতবিনিময়ও করেন। এ সময় কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ আরিফুল ইসলাম সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তবে, কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “আমরা বসে ছিলাম তখন হিরো আলম অফিসে এসেছিলেন। তার সাথে মতবিনিময় হয়েছে এটাই আর কি।”

গণসংযোগকালে হিরো আলম অভিযোগ করে বলেন, “আগের বার আমিই বিজয়ী হয়েছিলাম কিন্তু ভোট পাল্টে দেওয়া হয়েছে। এ কারণে ভোটাররা বলছে, ভোট দিয়ে লাভ কি? আবারও ভোট পাল্টে দেওয়া হবে। এ জন্য ভোটারদের ভোট দেয়ার আগ্রহও কম। ”

তিনি আরও বলেন, “শুধু তাই নয়, স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হয়েছে। আমার উপরও হামলা হতে পারে। যদি ভোট দেওয়া সুযোগ পায় ভোটাররা তাহলে আমিই বিজয়ী হবো।”

নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম বলেন, “আমার সাথে অনেকেই আছে। সময়ে জানতে পারবেন। ”

হিরো আলম এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং সবশেষ তিনি অংশ নেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।

প্রতিবারই এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রথম দুইবার উচ্চ আদালতের নির্দেশে তিনি প্রার্থিতা ফিরে পান। আর ঢাকার উপ নির্বাচনে নির্বাচন কমিশনে আপিল করেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে যান। কিন্তু জয় মেলেনি কোনোবারই। 

এবারও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল এবং আপিলে জিতে ফের প্রার্থিতা ফিরে পাওয়াসহ নানা ঘটনার পর দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

কিন্তু দু’দিন পরই আবার হিরো আলম জানান ‘মামলার ভয়ে, টাকা খেয়ে নির্বাচন করছেন না’ এই ধারণা ভাঙতে নির্বাচনের মাঠেই থাকছেন তিনি।