লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার
ঘটনার সময় তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসা প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধরের ঘটনা ঘটেছে। এ ছাড়া তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় করা মামলায় মঙ্গলবার বিকালে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে কৃষক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রায়পুর থানার এসআই নুরুল ইসলাম।
গ্রেপ্তার রিয়াদ হাসান বয়াতি রায়পুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, ১৬ অক্টোবর দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী সবুজ ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়।
পরদিন সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানায় পুলিশ। পরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন কৃষক দল নেতা।
এজাহারে বলা হয়, ঘটনাস্থলে সবুজের স্ত্রীর মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল। এতে সাথী তার বান্ধবীকেও দাওয়া দেন। দাওয়াত পেয়ে মিলি সেখানে যান। এর মধ্যে হঠাৎ কয়েকজন বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় বাসার মালামাল ফেলে দেয়।
পরে তারা সাথীর প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় মিলি বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে জখম করা হয়। এক পর্যায়ে তাকে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়।
পরে হামলাকারীরা মিলির মাকে ফোন দিয়ে বলেন, তার মেয়েকে একটি ছেলের সঙ্গে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে মিলি তার স্বামী সবুজকে ফোন দিয়ে বিষয়টি জানান। তিনি বাসায় এসে স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় তার মানিব্যাগ থেকে ২৫ হাজার টাকাসহ ব্যাংকের কার্ড ছিনিয়ে নেন হামলাকারীরা।
পরে সবুজ ও মিলির মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে তাদের ভিডিও ধারণ করা হয়। এ সময় সবুজ তাদের বিয়ের ছবি দেখালে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যান। এমনকি কোনো আইনি পদক্ষেপ না নিতে হুমকি দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত রিয়াদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।”
