কুড়িগ্রামে আহত মদনটাক উদ্ধার
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা জানান, পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কে উদ্দেশে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আহত অবস্থা একটি মদনটাক উদ্ধার করেছে বন বিভাগ।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা জানান, সোমবার উপজেলার সিন্ধুর মতি গ্রাম থেকে ডানা ভাঙা অবস্থায় মদনটাকটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, খবর পেয়ে বন বিভাগের আওতায় কুড়িগ্রামের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক একটি দল ওই গ্রামের স্থানীয় রতনের বাড়ি থেকে মদনটাকটি উদ্ধার করে। পাখিটির একটি ডানা ভাঙা ছিল।
পরে পাখটিকে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।
এই বন কর্মকর্তা মোল্লা বলেন, এটির বৈজ্ঞানিক নাম লেপ্টোপ্টাইলোস জাভানিকাস (Leptoptilos javanicus)। মঙ্গলবার বিকালে পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কে উদ্দেশে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় মদনটাককে রাখা হয়েছে ‘প্রায়-বিপদগ্রস্ত’ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি নিকট ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
গ্রিন ভিলেজের প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ বলেন, “আমরা সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্য। খবর পেয়ে আমরা আহত মদনটাক পাখিটি উদ্ধার করি। বর্তমানে পাখিটি বন বিভাগের আওতায় চট্টগ্রামে পাঠানো হচ্ছে। “
এ বিষয়ে রতন বলেন, “আমি পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই এবং যত্ন করি। পরে গ্রিন ভিলেজের স্বেচ্ছাসেবক ভাইদের হাতে তুলে দেয়।”
