১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুই বাজারের ২২ দোকান

দুই বাজারেই বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 01:39 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ২২টি দোকান। 

বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

স্থানীয়দের বরাতে শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

“পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি দোকান পুড়ে গেছে।” 

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন শিমুলিয়া বাজারের ব্যবসায়ীরা।

অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলভী বাজারে রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলভী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়। 

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে বলে জানান তিনি।  

এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন মৌলভী বাজারের ব্যবসায়ীরা।