মিঠাপুকুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
ভোরে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে উপজেলার শঠিবাড়ী-বালুয়া মাসিমপুর-আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এজরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।
নিহত ফাহিম মিয়া (১৪) উপজেলার রাণীপুকুর ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে বলদীপুকুর শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করত।
নিহতের পরিবার ও পুলিশ যায়, গত মঙ্গলবার উপজেলার মিলনপুর এলাকা থেকে ট্রাক্টরে করে বালু তোলার কাজে ব্যবহৃত একটি ভেকু নিয়ে শঠিবাড়ীর দিকে যাচ্ছিল ফাহিম। রাতে ট্রক্টিরটি বিকল হয়ে পড়লে ফাহিম সেটিকে সড়কের পাশে রেখে সেখানেই ঘুমোচ্ছিল। ভোরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক সেখান দিয়ে যাওয়ার সময় তাকে (ফাহিম) চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রাম ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।”
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
