১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের এক ঘণ্টার সড়ক অবরোধ

সকালে কারখানায় হাজিরা দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে নগরীর জিরানী এলাকায় ‘আইরিশ ফ্যাশন লিমিটেড’ কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

এ সময় ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

পরে সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, “সকাল ১০টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।”

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

সোমবার সকালে কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, “অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে, আমরাও সেই কাজ করি। তাহলে আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না?”

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, “শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”