১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনার হত্যাকারীদের ফাঁসির দাবি স্থানীয় নেতা-কর্মীদের

আনারের বাড়ির সামনে অবস্থান কর্মসূচিটি প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 12:08 AM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে।

শনিবার দুপুরে আনোয়ারুল আজিজের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা। এ সময় তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। 

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “সংসদ সদস্য হত্যার ঘটনা কালীগঞ্জবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না।” 

তিনি বলেন, “আমরা চাই তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে  এনে আমাদের জানাজা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা যেন তার প্রিয় কালীগঞ্জের মাটিতে তাকে দাফন করতে পারি।” 

এ সময় আরো বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শিবলী নোমানী, পৌর মেয়র মো. আশরাফুল আলম, নজরুল ইসলাম।

অবস্থান কর্মসূচিটি প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে।

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।

এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।