২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধায় যুবদল নেতা গ্রেপ্তার

বিচারপতি খুরশিদ আলম সরকার সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়ের জামাই।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 01:08 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয় বলে ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান জানান।  

গ্রেপ্তার মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) যুবদলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।  

পুলিশ জানায়, হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার বিকালে কালির বাজারে তার গ্রামের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় যুবদল নেতা আক্তারুজ্জামান গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।  

বিচারপতি তখন নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। 

বিচারপতি খুরশিদ আলম সরকার সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়ের জামাই।

পুলিশ জানায়, সরকার পতনের পর ৬ অগাস্টও আক্তারুজ্জামান বিচারপতির হোয়াটসঅ্যাপে একই পরিমাণের টাকা দাবি করেছিলেন। 

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, “যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাই দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”