১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় দুটি ট্রেনের পথ পরিবর্তনের খবর, প্রতিবাদে বিক্ষোভ

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আধাঘণ্টা আটকে রাখেন আন্দোলনকারীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 12:31 AM

Updated : 26 Aug 2026, 10:51 AM

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তনের খবর পেয়ে, তা বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারীরা। পরে স্টেশন মাস্টারের আশ্বাসে আধাঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া কোর্ট স্টেশনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলে তাতে সর্বস্তরের মানুষ যোগ দেয় বলে জানিয়েছেন আয়োজকরা।

আন্দোলনকারীরা জানান, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। সেইসঙ্গে ঢাকায় যেতে চরম বিড়ম্বনায় পড়তে হবে রেলযাত্রীদের।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে দুটি রেলের পথ পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

কুষ্টিয়া কোর্ট স্টেশন মাস্টার ইতিয়ারা খাতুন বলেন, “সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশ আমাদের কাছে আসেনি। এমনকি রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।”

খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস চুয়াডাঙ্গা, কুষ্টিয়া রাজবাড়ী ও ফরিদপুর হয়ে ঢাকায় আসা-যাওয়া করে। ২০২৩ সালের নভেম্বরে কুষ্টিয়া দিয়ে এ দুটি ট্রেন চালু হয়।