Published : 26 Jul 2023, 06:06 PM
পাসপোর্টের পুলিশি ভেরিফিকেশনের নামে প্রতারণার অভিযোগে দিনাজপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তার আসিকুর রহমান আশিক (২৬) দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার বলেন, আশিক পুলিশের এসবি ও ডিএসবি শাখার কর্মকর্তা পরিচয়ে পাসপোর্টের পুলিশি ভ্যারিফিকেশনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি এই প্রতারণা করতেন। প্রতিজনের কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা নিতেন। টাকা নেওয়ার পর সেই মোবাইল নাম্বার বন্ধ করে দিতেন।
“এভাবে তিনি গত ছয় মাসে দুটি মোবাইল অ্যাকাউন্টের বিপরীতে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, রাজশাহী, সিলেট, ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি প্রতারণা জাল বিস্তার করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে শাহ ইফতেখার আলম বলেন, আশিক একটি ওয়েবসাইট থেকে পাসপোর্টের আবেদনকারীদের তথ্য নিতেন এবং পরে তাদের সঙ্গে যোগাযোগ করতেন।
আশিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।