২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাকরির ভেরিফিকেশনে ‘দলীয়করণের’ অভিযোগ রাকসু নেতাদের

একে ‘দলীয়করণের চেষ্টা’ আখ্যা দিয়ে প্যারিস রোডে অবস্থান নেন রাকসু নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:09 PM

Updated : 27 Sep 2026, 07:09 PM

সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দিয়ে ‘দলীয়করণের’ চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নেতারা।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ করেন নেতারা।

মানববন্ধনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের ওপর যে ধরনের হয়রানি ও জুলুম করা হয়েছে, আমরা তার সাক্ষী। আমরা শিক্ষার্থীদের বোবা কান্না দেখেছি। সেই কান্না যদি তারেক রহমানের মসনদ কাঁপিয়ে দেয়, তাহলে সেই মসনদ কাঁপার আগেই তাকে সতর্ক করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।”

তিনি বলেন, “কয়েক দিন আগে ভাইভার নম্বর বাড়িয়ে দলীয়করণের যে প্রচেষ্টা চালানো হয়েছিল, সেটি সফল না হওয়ায় এখন ভেরিফিকেশনের মাধ্যমে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানাচ্ছি।”

শিক্ষাব্যবস্থা ও ভেরিফিকেশন প্রক্রিয়ার সমালোচনা করে জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “গত সাত মাসে শিক্ষামন্ত্রীর কার্যক্রম শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরিবর্তে সংকট আরও বাড়িয়েছে। শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার জন্য ভেরিফিকেশনের নামে এত দেরি করার কোনো প্রয়োজন নেই। ভেরিফিকেশন যদি এতই প্রয়োজন হয়, তাহলে অনার্স শেষ করে কেউ যখন চাকরির পরীক্ষায় অংশ নেবে, তখনই তা করা যেতে পারে। লিখিত, প্রিলিমিনারি ও ভাইভা শেষ হওয়ার পর ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের সামনে অনিশ্চয়তা তৈরি করার প্রয়োজন কী?”

তিনি অভিযোগ তুলে বলেন, “জুলাইয়ের অন্যতম প্রধান লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার। কিন্তু সেই সময় আমরা যে মৌলিক সংস্কারের কথা বলেছিলাম, সেটি করা হয়নি। অন্য অনেক বিষয়ে পদক্ষেপ নেওয়া হলেও শিক্ষা সংস্কারের জন্য কার্যকর কোনো কাঠামো তৈরি করা হয়নি। এখন শিক্ষক ও শিক্ষার্থী সমাজকে তার ফল ভোগ করতে হচ্ছে।”

পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কৌশল কিনা, সেই প্রশ্ন তুলে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, “পুলিশ ভেরিফিকেশনের নামে এটি নতুন কোনো কোটা বা প্রার্থী বাদ দেওয়ার কৌশল কিনা, সে প্রশ্ন থেকে যায়। কোনো প্রার্থীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। কিন্তু কোনো কারণ না দেখিয়ে এভাবে প্রার্থী বাদ দেওয়া প্রকারান্তরে প্রাথমিক শিক্ষা খাতকে দলীয়করণের চেষ্টা।”

মানববন্ধনে রাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।