১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তরা পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

নিহত শিক্ষক পারভেজ তালুকদার।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:00 PM

Updated : 07 Oct 2023, 07:00 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে এক কলেজ শিক্ষক খুন হয়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সাবরুল হাটখোলা পাড়ায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান।

শিক্ষক পারভেজ তালুকদার ওই এলাকার মনসুর তালুকদারের ছেলে। তিনি ফাপোর ইউনিয়নের কৈচড় বিএমটি কলেজের মানবসম্পদ বিষয়ের প্রভাষক ছিলেন।

ওসি শহিদুল জানান, মাথাইল চাপড় এলাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন পারভেজ। এ সময় দুর্বৃত্তরা পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

কৈচর বিএমটি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “পারভেজ জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাকে এভাবে কেউ মেরে ফেলবে ভাবতেই অবাক লাগছে।

“এর আগে শুনেছিলাম এলাকায় পারভেজের বড় ভাইকে কিছু সন্ত্রাসী তুলে নিয়ে গিয়েছিল। এর প্রতিবাদ করলে পারভেজকে খুনের হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা।”

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি শহিদুল।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02qGwcN9CDPSXpGMekBFFjZZdTBoy3T7Y2bYQtWsW9YYwa4EQpwohG9CtmRZher7Tol]