যশোরে ১০ দিনব্যাপী লোকজ উৎসব ও বৈশাখী মেলা
উৎসবে ১৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা।
যশোরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টাউন হল ময়দানে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউট এ মেলার আয়োজন করেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বক্তব্য দেন।
মেলা কমিটির সদস্য সানোয়ার আলম খান দুলু জানান, উৎসবে যশোর এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির পরিচয়বাহী কবিগান, পটগান, গম্ভীরা, জারিগান, সঙযাত্রা, লাঠি খেলা ও সাপ খেলাসহ গ্রাম বাংলার লোকজ আঙ্গিক ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান দুই ভাগে হবে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন বিকাল থেকে স্থানীয় সব সাংস্কৃতিক সংগঠনের শিশুদের নিয়ে থাকবে শিশুতোষ আয়োজন। আগামী প্রজন্মকে এগিয়ে নিতে এটি আয়োজকদের বিশেষ উদ্যোগ। এ ছাড়া সন্ধ্যা থেকে সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের অনুষ্ঠান উপস্থাপন করবে।
আয়োজকরা জানান, গম্ভীরা পরিবেশনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে যোগাযোগ করা হয়েছে। কবিগানের শিল্পীরা আসবেন নড়াইল ও খুলনার থেকে। পটগান ও জারিগানের জন্য নড়াইল ও খুলনার তেরখাদায় যোগাযোগ করা হয়েছে। লাঠি খেলা ও সাপ খেলায় যারা পারদর্শী তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
মেলায় ৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে কুটির ও হস্তশিল্পের পণ্য পাওয়া যাবে বলে জানান মেলা কমিটির সদস্য সানোয়ার।
