১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

এ ছাড়া মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 10:47 PM

Updated : 18 Sep 2026, 10:47 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটে।

এ ছাড়া ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ।

আটক যুবকের নাম মো. রাজীব (২৩)।

পুলিশ জানায়, রাতে পাঁচ যুবক ওই বাড়িতে গিয়ে প্রথমে পানি ও কুড়াল চান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢোকেন তারা। পরে তারা ঘরে ভাঙচুর করে আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার আগে ওই নারীকে ধর্ষণ করেন বলে দাবি ভুক্তভোগীর।

পুলিশ জানায়, এ সময় রাজীব মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অভিযান চালিয়ে রাজীবকে আটক করে পুলিশ। তবে অন্যরা পালিয়ে যান।

পুলিশের দাবি, অভিযানের সময় রাজীব তার মোবাইল ফোনটি পানিতে ফেলে দেন। পরে সেটি উদ্ধার করা হয়।

ওসি মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। মেডিকেল প্রতিবেদনসহ অন্যান্য তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।