অর্ণা জামানকে রাবি ছাত্রলীগের সংবর্ধনা
“যেহেতু আমাকে আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে মূল লক্ষ্য।”
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
শনিবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
ডা. অর্ণা জামান ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এরপর তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগেরও সদস্য।
সংবর্ধনা অনুষ্ঠানে আনিকা ফারিহা জামান অর্ণার হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।
এ সময় তিনি বলেন, “আনিকা ফারিহা জামান অর্ণার মতো উদীয়মান নেত্রীকে পেয়ে আমরা ধন্য। এর মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ নেতা বাছাইয়ে ভুল করে না এবং করেনি। তরুণ প্রজন্মের অহংকার এই নেত্রীকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে অসম্ভব রকমের তৃপ্তি কাজ করছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্ণা জামান বলেন, “বর্তমানে দেশে রাজনীতিতে নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাকে আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে মূল লক্ষ্য।”
সংবর্ধনা প্রদানকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় থানা এবং ওর্য়াড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
