ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ২
“পুলিশের অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করেছে; খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওয়াপদার সামনে থেকে দুই জনকে আটক করা হয়েছে।”
ফেনীতে পুলিশের ‘অনুমতি ছাড়া’ বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত; এ ঘটনার পর দুই নেতাকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি ওয়াপদা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দিন। জেলার নায়েবে আমীর আবু ইউছুফ, জেলা সেক্রেটারি আবদুল হান্নান, শহর আমীর মো. ইলিয়াছসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “পুলিশের অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওয়াপদার সামনে থেকে দুই জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এনামুল হক (৪৫) ও জামায়াত নেতা গোলাম মোস্তফা পারভেজ রয়েছেন।”
তবে জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দিনের দাবি, মিছিলের আগে পুলিশ সুপারকে জানিয়েছিলেন তারা। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়নি।
ওসি জানান, আটক দুজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যদি দেখা যায় যে তারা মিছিলে অংশ নিয়েছিলেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
