২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মঞ্চে ফিরছে মারমা লোকনাট্য দলের ‘পাংঙ্খুং’

তিন মাসের প্রশিক্ষণ শেষে নাট্যদলের শিল্পীদের পোশাক, বাদ্যযন্ত্র ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 08:02 PM

Updated : 15 Oct 2022, 08:07 PM

মারমা ভাষায় গৌতম বুদ্ধের বিভিন্ন জাতক কাহিনী ও লোককাহিনীকে গীতিনাট্যের মাধ্যমে যাত্রার আদলে উপস্থাপন করাকে বলা হয় ‘পাংঙ্খুং’। এক সময়ের জনপ্রিয় এই লোকসংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। তারা বিভিন্ন এলাকার মারমা লোকনাট্য দলকে প্রশিক্ষণ দিয়ে ফের মঞ্চায়ন করছে ‘পাংঙ্খুং’। 

এমন উদ্যোগের অংশ হিসেবেই শুক্রবার সকালে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তালুকদার পাড়ার বৌদ্ধবিহার প্রাঙ্গণে ‘ধাম্মা উইজিয়া’ নামে একটি পাংঙ্খুং মঞ্চায়ন করা হয়। 

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ গীতিনাট্যে অভিনেতা, অভিনেত্রী ও যন্ত্রশিল্পী মিলে তালুকদার পাড়া নাট্যদলের মোট ৪৫ সদস্য অংশ নেন। 

পাংঙ্খুংয়ের মঞ্চায়ন শেষে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) পরিচালক মংনুচিং মারমা বলেন, পাহাড়ের পাড়ায় পাড়ায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান শেষে মেলার আয়োজন করার চল রয়েছে। একসময় সেখানে রাত থেকে ভোর পর্যন্ত যাত্রার আদলে বিভিন্ন নাট্যদল মারমা ভাষায় জাতক ও লোককাহিনী নিয়ে পাংঙ্খুং মঞ্চায়ন করত। সেই পাংঙ্খুং উপভোগ করতে জমায়েত হতো হাজারো মানুষ। 

তিন পার্বত্য জেলায় মারমাদের বিভিন্ন পাড়ায় এরকম অনেক পাংঙ্খুং নাট্যদল ছিল। ১৯৯৫ সালে বান্দরবানের বিভিন্ন এলাকায় মোট ৪৫টি পাংঙ্খুং নাট্যদল পাওয়া গিয়েছিল। কিন্তু দল পরিচালনার নানা সমস্যা, আর্থিক ও শিল্পীর সংকট এবং চর্চার অভাবে অনেক দল বিলুপ্ত হয়ে যায়। 

মংনুচিং মারমা বলেন, “গ্রামীণ মানুষের জীবনে পাংঙ্খুং দলের এখনও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া এখানে সংস্কৃতি চর্চার দিকও রয়েছে। মারমাদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এখনও পাংঙ্খুং মঞ্চায়ন করা হয়। শিশু থেকে বয়োবৃদ্ধরা এখনও রাত জেগে পাংঙ্খুং উপভোগ করে থাকে।” 

এ কারণে সম্প্রতি বিভিন্ন পাড়ায় বিলুপ্ত হতে থাকা নাট্যদলকে প্রশিক্ষণ দিয়ে আবারও পাংঙ্খুং মঞ্চায়ন করানো হচ্ছে। তিন মাসের প্রশিক্ষণ শেষে নাট্যদলের শিল্পীদের পোশাক, বাদ্যযন্ত্র ও প্রশিক্ষণের সনদপত্রও বিতরণ করা হচ্ছে বলে জানান কেএসআই পরিচালক মংনুচিং মারমা। 

Image

‘ধাম্মা উইজিয়া’ পাংঙ্খুং গীতিনাট্যের মঞ্চায়ন

তিনি আরও বলেন, এর মধ্যে তালুকদার পাড়া ও রেমিং পাড়ার নাট্যদল প্রশিক্ষণ শেষে পাংঙ্খুং মঞ্চায়ন করছে। এ ছাড়া মেওয়া পাড়া, চিনিডলু পাড়ার নাট্যদলের প্রশিক্ষণও শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যেই তাদের মঞ্চায়ন উপভোগ করতে পারবেন পাড়াবাসী। 

অনুষ্ঠানে তালুকদার পাড়া পাংঙ্খুং দলের পরিচালক উসাচিং মারমা বলেন, তার পাড়ার নাট্যদলটি গড়ে উঠেছে ১৯৮৮ সালে। সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে পাংঙ্খুং মঞ্চায়ন করার ডাক পড়ত তাদের। কিন্তু অনেক নারী শিল্পীর বিয়ে হয়ে গেলে শিল্পী সংকটে পড়ে যান তারা। 

এ ছাড়া পোশাক ও বাদ্যযন্ত্র কেনার আর্থিক সংকটও ছিল। এভাবে চর্চার অভাবে একসময় ঝিমিয়ে পড়তে থাকে নাট্যদলটি। মাঝখানে সাত বছর কোথাও মঞ্চায়ন করা যায়নি। একেবারে বিলুপ্ত হয়ে যাবার মতো অবস্থা হয়। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পক্ষ থেকে এগিয়ে আসায় দলটি জীবন ফিরে পেয়েছে বলে জানান উসাচিং। 

সামনে নভেম্বর মাসে থানচি উপজেলার একটি পাড়ার অনুষ্ঠানে তাদের দলের মঞ্চায়ন করার কথা রয়েছে বলেও জানান তিনি। 

Image

তালুকদার পাড়া পাংঙ্খুং নাট্যদলের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কর্মকর্তারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মংসিংহাই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত অধ্যাপক আফসার আহমদ মারমাদের ‘পাংঙ্খুং ও পাংঙ্খুং নাট্যদল’ নিয়ে গবেষণা করেছিলেন। 

একসময় বিশ্ববিদ্যালয়ে ‘মনহরি পাংঙ্খুং’ মঞ্চস্থও করেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে তিনি হঠাৎ করে মারা যাওয়ায় গবেষণার কাজ আর এগোয়নি। 

পাংঙ্খুংকে পুনর্জীবিত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বর্তমান প্রজন্ম মারমাদের হারানো লোকসংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।