ফরিদপুরে কুমিরের সঙ্গে লড়ে বেঁচে ফিরলেন নারী
“গত বছর একই স্থানে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল।”
ফরিদপুর সদর উপজেলায় কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন এক নারী। তিনি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকালে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক জানান।
আহত পারুল বেগম (৫৫) মুনসুরাবাদ এলাকার শেখ রাজ্জাকের স্ত্রী।
হাসপাতালে শেখ রাজ্জাক সাংবাদিকদের বলেন, তাদের বাড়ি পদ্মা নদীর মোহনায় একটি খালের পাশে। সেখানে শেয়াল আতঙ্কের কারণে জাল দিয়ে বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালন করেন তারা। সকালে হাঁস-মুরগির চিৎকার শুনে পারুল ঘরের বাইরে যান।
এ সময় জালে পেঁচিয়ে থাকা একটি কুমির পারুলের ওপর আক্রমণ করে। তার হাত ও পায়ে কামড় দেয়। পারুল নিজেকে বাঁচানোর চেষ্টা করলে কুমিরটি তাকে নিয়ে পানির দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। বাড়ি থেকে খালের দূরত্ব মাত্র ৫০ ফুট।
শেখ রাজ্জাক বলেন, “স্ত্রীর চিৎকার শুনে আমি দৌড়ে আসি। একটি বাঁশ দিয়ে পেটাতে শুরু করলে কুমিরটি পারুলকে ছেড়ে দিয়ে নদীর দিকে চলে যায়।“
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া ওই বাড়ির পাশে গ্রামপুলিশ বসিয়ে রাখা হয়েছে। যাতে বড় ধরনের আর কোনো দুর্ঘটনা না ঘটে। তবে, এখন পর্যন্ত কুমিরটি আর ভেসে উঠেনি।
গত বছর একই স্থানে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। কুমিরটিকে বনবিভাগ খুলনায় নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে জানতে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
