২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শত্রুতার জেরে’ আড়াইশ গাছের কলা কেটে ফেললো দুর্বৃত্তরা

এই কাজটি শত্রুতাবশত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 04:30 PM

Updated : 27 Aug 2022, 04:30 PM

নেত্রকোণার সদর উপজেলায় ‘শত্রুতার জেরে’ রাতের আঁধারে একটি কলা বাগানের অন্তত আড়াই’শ গাছের কলা কেটে ফেলার ঘটনা ঘটেছে।

উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের নয়ন মিয়ার চারটি বাগানের মধ্যে দুইটি বাগানের কলা শনিবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলে বলে বাগান মালিক জানান।

নয়ন বলেন, “বাড়ি থেকে কিছুটা দূরে চারটি বাগান করেছি বেশ কয়েক বছর আগে। আমার আগে এই এলাকায় জমিতে কেউই কলার চাষ করেনি। কলা বাগানের আয় দিয়েই সংসার চালাতাম। আমার কলার বাগানে লাভ হওয়ায়, এখন দেখাদেখি এলাকার অনেকেই কলার বাগান করছেন।

“এলাকায় কৃষকদের মাঝে যখন কলা চাষের ঝোঁক বাড়ছে ঠিক তখনই রাতের কোন এক সময়ে শত্রুতা করে দুর্বৃত্তরা তার দুইটি সাগর কলা বাগানের আড়াইশ গাছের কলা কেটে দিয়েছে। আর কয়টা দিন পরেই কলা বিক্রি করা যেত।”

কলা কটে ফেলায় অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এ বাগান মালিকের দাবি।

নয়ন বলেন, “বর্তমানে আরও দুইটি বাগানে তিনশর বেশি কলাগাছ রয়েছে। ওই দুইটি বাগানও নিরাপদ নয়। এ অবস্থায় রাত হলেই কলা বাগান কেটে ফেলার ভয়ে থাকি।”

নেত্রকোণা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এই কাজটি শত্রুতাবশত করা হয়েছে। প্রতিটি গাছের কলার ছড়িতে ২ হালি থেকে ৫ হালি করে কলা কেটে নষ্ট করে দিয়েছে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।