টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি
শনিবার র্যাব শাহজাহান মিয়াকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
টাঙ্গাইলে চার বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার টাঙ্গাইল সদর উপজেলা আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাহমুদুল মোহসীন এ অনুমতি দিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ জানান।
৫৮ বছর বয়সী শাহজাহান মিয়া ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। কিন্তু তিনি শহরতলীতে ভাড়া বাসায় থাকেন।
মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী জিনিয়া বখশ সাংবাদিকদের বলেন, ১৮ জুন শিশুটি ধর্ষণের শিকার হয়। ২০ জুন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে শাহজাহান মিয়াকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই সোহেল মিয়া জানান, শনিবার সন্ধ্যায় র্যাব-১৪ এর একটি দল শাহজাহান মিয়াকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার শাহজাহান মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন শাহজাহান মিয়ার ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য অনুমতি চেয়ে আদালতে আরও একটি আবেদন করা হয় বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
