সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ে মৃত্যু
বাড়ির পাশে খালের পানিতে খেলা করার এক পর্যায়ে ডুবে যায় রিফাত ও সৌরভ।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেটের পাশে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান।
নিহতরা হলো- তাঁত শ্রমিক হাসমত আলীর ছেলে সৌরভ (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত (৫)। তারা আপন চাচাত ভাই।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকালে বাড়ির পাশে খালের পানিতে খেলা করছিল রিফাত ও সৌরভ। এক পর্যায়ে দুই জন পানিতে ডুবে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা।
দুপুরের দিকে স্থানীয়রা তাদের খালে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি সদস্য আব্দুস সালাম।
