২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতা রবির বাসায় তল্লাশি, ছেলে আটক

পুলিশ বলছে, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে৷

নারায়ণগঞ্জে বিএনপি নেতা রবির বাসায় তল্লাশি, ছেলে আটক

রবির অভিযোগ, তাকে না পেয়ে ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তমকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 12:21 PM

Updated : 08 Dec 2022, 02:01 PM

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তমকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় রবির বাড়িতে অভিযানে যায় গোয়েন্দা ও থানা পুলিশ। এ সময় তার ছেলে প্রিয়তমকে আটক করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান।

“তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হয়েছে৷ বিগত সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে৷ সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে৷”

২০ বছর বয়সী প্রিয়ম নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র৷

তার বাবা মনিরুল ইসলাম রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শতাধিক পুলিশ সদস্যের দলটি আমার বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে সবকিছু তছনছ করে ফেলেছে৷ বাড়িতে আমি ছিলাম না; স্ত্রী ও ছোট ছেলে ছিল। আমাকে খুঁজে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেছে৷”

এই বিএনপি নেতা দাবি করেন, গত এক মাসে জেলার বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে, সেগুলোতে তিনি আসামি নন। আগের মামলাগুলোতেও তিনি জামিনে রয়েছেন।

তিনি বলেন, তার দুই ছেলের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না৷ তাদের নামে কোনো থানায় কোনো মামলাও নেই৷ মূলত ‘তাকে না পেয়ে; পুলিশ ছেলেকে নিয়ে গেছে।

“শুনেছি প্রিয়তমকে সিদ্ধিরগঞ্জ থানায় নাকি রাখা হইছে৷ কিন্তু থানায় খোঁজ নিতে পারতেছি না; গেলেই গ্রেপ্তার করবে৷ এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনকে ব্যবহার করছে৷”

এদিকে সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ৷ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালাচ্ছে; যাত্রীদেরও জেরা করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।