গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য
চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন; যিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শ্রীপুর-মাওনা সড়কের চৌরাস্তার পশ্চিমে আনসার রোডে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এএসআই মো. তাজমুল হোসেন জানান।
নিহতের নাম আব্দুল জলিল হোসেন। মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
এএসআই তাজমুল বলেন, মালবাহী ট্রাকটি শ্রীপুরের দিকে যাচ্ছিল। এ সময় মাওনাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।
“এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক আব্দুল জলিল মারা যান।”
তিনি আরও বলেন, “নিহতের কাছে পাওয়া মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে খবর পাঠানো হয়েছে।
“এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছেন। তবে ঘটনাস্থল থেকে ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।”
নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান এএসআই তাজমুল।
