নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে হত্যায় গ্রেপ্তার ৩
পুলিশ জানায়, রোববার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সোনাইমুড়ী থানার ওসি কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার রাতে হত্যাকাণ্ডের পর রোববার রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
এ মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আহসান উল্যাহ ওরফে কল্লা হাসান (৩৮), পূর্ব মির্জানগর গ্রামের মো. আকবর হোসেন সোহেল (৩৬) এবং একই এলাকার মো. মিরাজ (২১)। তাদের ভোরে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ির পাশ থেকে শাহেদুজ্জামান পলাশের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার নাকের নিচে এবং মাথার পেছনে রক্তাক্ত ক্ষত পাওয়া গেছে।
শাহেদুজ্জামান পলাশ (৩৫) পূর্ব মির্জানগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
৭ জানুয়ারির নির্বাচনে তিনি পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের পোলিং এজেন্ট ছিলেন।
গ্রেপ্তারদের বরাতে ওসি বখতিয়ার বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে খুব কাছে থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বিকালে আসামিদের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না পুলিশ খতিয়ে দেখছে।
আরও পড়ুন:
