২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর অপহৃত ব্যবসায়ী ৫২ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৫

শুক্রবার রাতে বাউফল উপজেলার দোকান থেকে শিবানন্দ রায় বণিককে অপহরণ করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে ৫২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমার কচুয়া গ্রাম থেকে রোববার রাত দেড়টার দিকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ফ্রেশ ব্র্যান্ডের বাউফল উপজেলার বিক্রয় প্রতিনিধি ও ঝালকাঠির বালিগোনা গ্রামের মো. আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ; বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে মো. মিরাজ মৃধা (২০), বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা, গোকূল চন্দ্র মিস্ত্রির ছেলে বিধান মিস্ত্রি (২২) এবং ভোলার একজন কিশোর (১৬)।

শিবানন্দ রায় বণিক কালাইয়া বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার রাত সাড়ে ১০টায় সারাদিনের বিকিকিনির হিসাব শেষ করে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। 

এ সময় ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবানন্দ রায় বণিককে। তারা দোকানের ক্যাশবাক্সে থাকা পাঁচ লাখের বেশি টাকা লুট করে নেয়। 

পরে শিবানন্দকে বেঁধে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। শিবানন্দ রায় বণিককে উদ্ধারের দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। 

শিবানন্দ রায় বণিকের ভাগনি অ্যডভোকেট অনুরাধা রায় বণিক সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে পরিবারের একজনের কাছে মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ নিয়ে দেন-দরবার চলে। এক পর্যায়ে রোববার বিকাশের মাধ্যমে পাঁচটি নম্বরে অপহরণকারীদের ৯৬ হাজার দেওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীর পরিবারের সদস্যরা প্রশাসনকে জানালে তারা তথ্য-প্রযুক্তির সহায়তায় স্থান শনাক্ত করেন। পরে রাতেই ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।  

ব্যবসায়ীকে উদ্ধারের পর বাউফল থানায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ অপহরণের ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, এ ঘটনায় জড়িত নয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মাসুদ শরীফ। ফ্রেশ ব্র্যান্ডের পরিবেশক হওয়ায় ব্যবসায়ীর লেনদেন ও সক্ষমতা সম্পর্কে তার জানা ছিল। 

“তারা কোটিপতি হওয়ায় নেশায় এ কাজ করেছিল।” 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির এক লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা, একটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা, ছয়টি মোবাইল, দুই জোড়া কেডস জুতা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফ মাহমুদ শাকুর, বাউফল থানার ওসি কামাল হোসেন। 

আটা, ময়দা, লবণ, তেলসহ ভোগ্যপণ্য উৎপাদন ও বিপনণকারী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি ব্র্যান্ড হচ্ছে ফ্রেশ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফ্রেশের পটুয়াখালীর ‘বি-গ্রুপের’ আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস সাত্তার সন্ধ্যায় বলেন, তিনি শিবানন্দ রায় বণিকের অপহরণের বিষয়টি জানেন। ওই ব্যবসায়ী ফ্রেশের গ্রাহক। তবে গ্রেপ্তার মাসুদ শরীফকে তিনি চেনেন না। 

তিনি বলেন, “এখানে অনেক লাইন আছে। যদি অন্য কোনো লাইনে কাজ করেন তাহলে আমার জানার কথা না। অন্যরা হয়ত বলতে পারবে।”

মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, “গ্রুপের কোনো কর্মীর চাকরির শর্তের বাইরে ব্যক্তিগত বিষয়ের দায় কোম্পানি নেয় না কখনোই। কর্মীকে নিয়োগ দেওয়া হয় শুধু কোম্পানির কাজে। এজন্য তাকে বেতন দেওয়া হয়। অন্য কোনো কাজে জড়িত হলে এটা তার ব্যক্তিগত। 

“অপরাধ করে থাকলে তার বিচার গ্রুপের সার্ভিস রুল ও প্রচলিত আইন অনুযায়ী হবে। আমরা তাকে বরখাস্ত করে গ্রুপের সার্ভিস রুল অনুসরণ করব, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তার মাসুদ শরীফ সম্পর্কে তিনি বলেন, “তিনি (মাসুদ শরীফ) গ্রুপের পক্ষ থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাবেন না।”

পটুয়াখালীতে দোকান থেকে ব্যবসায়ীকে 'অপহরণ', প্রতিবাদে ধর্মঘট