পটুয়াখালীতে দোকান থেকে ব্যবসায়ীকে ‘অপহরণ’, প্রতিবাদে ধর্মঘট
শুক্রবার রাতে কালাইয়া বন্দরে ব্যবসায়ী শিবানন্দকে অপহরণ করা হয় বলে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান।
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান।
‘অপহৃত’ শিবানন্দ রায় বণিক (৭৬) বন্দরের একজন বড় মুদি ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং ব্যবসায়ী ও কর্মচারীদের উদ্ধারের দাবিতে শনিবার সকাল থেকে কালাইয়া বন্দরের প্রায় ৫০০ ব্যবসায়ী দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছেন। তারা বাজারে বিক্ষোভ মিছিলও করেছেন।
পুলিশ, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দোকানের সারা দিনের বেচাকেনার হিসাব শেষ করে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন শিবানন্দ রায়। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জন মুখোশধারী দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবানন্দ, কর্মচারী শংকর ও তাপসকে বেঁধে ফেলে।
পরে তারা দোকানের ক্যাশবাক্সে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে শিবানন্দকে বেঁধে ট্রলারে উঠিয়ে তারা চলে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল আমীন সাংবাদিকদের বলেন, “ঘটনা ঘটার কিছু সময় পর ব্যবসায়ীরা নৌ পুলিশকে জানালেও তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে দায়িত্বে অবহেলা করছে বলে আমি মনে করি।”
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার সকালে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত থেকেই কয়েকটি টিম অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায়কে উদ্ধারে জন্য অভিযান চালাচ্ছে।
নৌ পুলিশ সুপার (বরিশাল অঞ্চল) এস এম নাজমুল হক সাংবাদিকদের বলেন, “অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। অপহৃতকে উদ্ধারের জন্য নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান চলছে।”
