ঠাকুরগাঁওয়ে ঘুষ লেনদেনের সময় টাকাসহ আটক ২ কর্মকর্তা
“বেশ কিছুদিন ধরে অফিসের ওপর নজর রাখছিলাম আমরা। তদন্তের পর নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়”, বলেন দুদকের এক কর্মকর্তা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঘুষ লেনদেনের সময় সরকারি দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময় তাদের কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান দুদক সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী।
এর আগে ঘুষ লেনদেনের ঘটনায় দুদকের জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী।
আটকরা হলেন- হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান এবং অডিটর আব্দুল হান্নান।
আজমির শরিফ বলেন, “হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরিকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দর কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়।
“এর আগে জোহরা খাতুনের কাছ থেকে কৌশলে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয় শেরিকুজ্জামান ও হান্নান। ঘুষের বাকি পাঁচ হাজার টাকা দিতে গেলে দুদকের একটি দল টাকাসহ তাদের আটক করে।”
তিনি বলেন, “বেশ কিছুদিন ধরে অফিসের ওপর নজর রাখছিলাম আমরা। তদন্তের পর নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।”
আটক দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।
