১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যায় আটক ১

গ্রেপ্তার আলমগীর হোসেন রাস্তার পাশে টেটা দিয়ে একটি মেছো বিড়াল হত্যা করেন।

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যায় আটক ১
গ্রেপ্তার আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 12:20 PM

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে। 

ওই মামলায় মো. আলমগীর হোসেন (৩৮) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

সেখানে বলা হয়, গত শুক্রবার বিকেলে জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মানিকদোয়া রাস্তার পাশে টেটা দিয়ে একটি মেছো বিড়াল হত্যা করেন আলমগীর হোসেন। এ কাজে তাকে সহযোগিতা করেন মিন্টু (৩৫) ও মো. সাইফুল ইসলাম (৪৫) নামে দুজন। 

সেই ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। পরে বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

মন্ত্রণালয় বলছে, চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ি এ কাজে সহযোগিতা করে। 

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।