‘ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল’, সাবেক এমপি ফারুকের নামে মামলা
এ ছাড়া ৫ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির ঘটনায় আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার ঘটনার পাঁচ বছর পর রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি করার অভিযোগে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে থানায় আরেকটি মামলা হয়েছে।
রোববার রাতে থানায় এ দুটি মামলা করা হয়েছে বলে জানান গোদাগাড়ী থানায় ওসি আতাউর রহমান।
তিনি জানান, ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে করা মামলার বাদী বিএনপির কর্মী তাহাসেন আলী। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকল গ্রামে।
আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে করা মামলার বাদী হয়েছেন বিএনপির আরেক কর্মী আবদুল হামিদ ওরফে (বাবলু)। তিনি উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা।
ওসি আতাউর রহমান বলেন, দুটি মামলাতেই সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোটকেন্দ্র দখলের মামলায় বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়। নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান।
মামলায় ওমর ফারুকসহ আওয়ামী লীগের ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ওমর ফারুকসহ আওয়ামী লীগের ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট ওমর ফারুকের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণ করেন। যেখানে অনেকই আহত হন।
