ঝিনাইদহে স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের সংঘর্ষে আহত ৫
দুপক্ষের পুরনো বিরোধ ছিলো; স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে নতুন করে বিরোধে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বিভিন্ন বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
উপজেলার কৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
আহতদের মধ্যে দুজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন; বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, ওই গ্রামের বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ও সাবেক ইউপি সদস্য আশাদুল আশার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই মধ্যে ‘মীর ইসমাইল হোসেন স্কুলের’ ম্যানেজিং কমিটির নির্বাচনে দুপক্ষের অনুসারীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়।
“রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় গ্রামের দশটি বাড়িঘর ভাঙচুরও করা হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান আমিনুল।
