মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নেই, স্বস্তিতে ফেরা
নাড়ির টানে ওই পথে স্বস্তিতে ফিরতে পারছেন ঘরমুখো মানুষ।
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় একশ কিলোমিটার অংশে কোনো যানজট নেই; নাড়ির টানে স্বস্তিতে ফিরতে পারছেন ঘরমুখো মানুষ।
মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা গেছে, কোথাও যানজট নেই; স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ।
শনিবার ভোর সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ থাকায় হাইওয়ে পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়।
কুমিল্লা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় ঢাকা থেকে কুমিল্লা আসা যাত্রী জাহিদ হোসেনের সঙ্গে।
তিনি বলেন, “যাত্রাবাড়ী থেকে ৮টায় বাসে উঠি। এখানে আসতে মাত্র আড়াই ঘণ্টা সময় লেগেছে।
“পুরো মহাসড়কের কোথাও যানজট নেই। তবে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন বাজারগুলোতে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে।”
ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসের যাত্রী সেলিম মাহমুদ বলেন, “শুক্রবার মহাসড়কে ভোগান্তি চিত্র সংবাদমাধ্যমে দেখেছি। ওইদিন বাড়িতে আসার কথা থাকলেও কষ্টের কথা চিন্তা করে আসি নাই। আজ শনিবার সকাল ৭টায় রাওনা দিয়ে দুই ঘণ্টা ৩৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার পৌঁছলাম। আসার সময় বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের শক্ত অবস্থান দেখেছি। শেষ পর্যন্ত আমাদের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।”
ঢাকা থেকে কুমিল্লা আসা তিশা পরিবহনের বাস চালক জাহাঙ্গীর আলম বলেন, “শুক্রবার দাউদকান্দিতে দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। যার কারণে চালক এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে আজ শনিবার মহাসড়কে গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি।
“রাস্তায় গাড়ি বেড়েছে ঠিক, তবে যানজটের কবলে পড়িনি। ঈদ পর্যন্ত মহাসড়ক এভাবে থাকলে ঘরমুখো মানুষের কষ্টই হবে না।”
হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চলের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লায় অঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও কুইক রেসপন্স টিম, অতিরিক্ত উদ্ধারকারী রেকার এবং তথ্য সংগ্রহ করার জন্য লোকবল বাড়ানো হয়েছে।
৪৪টি মোবাইল টিম, ৩৪টি পিকেট টিম, ২২টি কুইক রেসপন্স টিম, ইন্টেলিজেন্স টিম গঠন করা হয়েছে।
কোনো প্রকার দুর্ঘটনা কিংবা যানবাহনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া মহাসড়কে বিভিন্ন জেলা থেকে কোরবানি পশুবাহী গাড়ি যেন নির্বিঘ্নে আসতে পারে, সে বিবেচনায় রাত-দিন ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
শনিবার বিকালে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলম বলেন, “শুক্রবার মহাসড়কের টোলপ্লাজা এলাকায় কিছুটা যানজট ছিল। তবে শনিবার ভোর থেকে মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। ফলে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। রাস্তায় যানবাহনের চাপ থাকলেও খুব বেশি সমস্যা হচ্ছে না। আমরা আছি মহাসড়কে।”
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “সকাল থেকে কোথাও যানজট নেই। ঈদ পরবর্তী সময় পর্যন্ত যেন মহাসড়ক যানজটমুক্ত থাকে, আমরা সেই চেষ্টা করছি।”
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “গত ঈদের মত এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক। যাত্রীরা যেন স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন সেজন্য মহাসড়কে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি।”
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের পদে থাকা অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, “কয়েকদিন আগ থেকেই মানুষের ঈদযাত্রা শুরু হয়ে গেছে। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি খোঁজ নিয়েছি, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও যানজট নেই।
শেষ সময় পর্যন্ত মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ ও ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “কোথাও কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশা করি, প্রতিবারের মত এবারের ঈদযাত্রাও এমন স্বস্তিদায়কই হবে।”
