২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

“চালবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 12:04 PM

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান।

নিহত ট্রাক চালক ৪০ বছর বয়সী উত্তম কুমার দে বগুড়া এলাকার বাসিন্দা। তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আরেক ট্রাকের চালক রিয়াজুল ইসলাম ও তার সহকারী সুমন মিয়া।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, “একটি আলুবাহী ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। পথে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

“এতে চালবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং সহকারীরাও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।”

ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।