২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল

রোববার রাতে ২৩৭ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়।

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল
মঙ্গলবার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 11:45 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে। 

মঙ্গলবার বিকালে কমিটিকে স্বাগত জানিয়ে একাংশ ও সন্ধ্যায় বিপক্ষে অপর অংশ মিছিল করেছে। 

বিকালে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন, আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান, জান্নাতুন নাইমা, নাগরিক কমিটির সদস্য আব্দুল হামিদ খান, রায়পুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, ওসমান গণি, রামগঞ্জ প্রতিনিধি ইসমাইল রাফি, রামগতি প্রতিনিধি আদনান মাহমুদ ও কমলনগর প্রতিনিধি আকরাম হোসেন জিসান প্রমুখ। 

মিছিল শেষে ফুলের মালা দিয়ে আহ্বায়ক আরমান ও মুখ্য সংগঠক মুরাদকে শুভেচ্ছা জানানো হয়। 

আহ্বায়ক আরমান হোসাইন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে শহীদ পরিবারের কমিটি। লক্ষ্মীপুরের ৩৬০ জন আহত ভাইয়ের সুচিকিৎসা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এ কমিটি। লক্ষ্মীপুরের মানুষ যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে, এটা সেই কমিটি। প্রশাসনের ভেতরে থাকা দুর্নীতিবাজদের উৎখাতের জন্য এ কমিটি।”

তবে এ মিছিলে কমিটির সদস্য সচিব শাহেদুর রহমান রাফি ও মুখপাত্র বায়েজীদ হোসেনকে দেখা যায়নি। তারা পারিবারিক কারণে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন আহ্বায়ক। 

তবে পদত্যাগকারীদের বিষয়ে কমিটির আহ্বায়ক কিংবা মুখ্যসংগঠক কোনো বক্তব্য দেয়নি।

অন্যদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। 

ক্যাপশন: লক্ষ্মীপুরে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার সন্ধ্যায় মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা।  

ক্যাপশন: লক্ষ্মীপুরে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার সন্ধ্যায় মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা।

এসময় আবদুর রহিম আসাদ, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান নিরব ও মেহেদী হাসান হাসিবসহ কমিটি থেকে পদত্যাগকারীরা এতে অংশ নেয়। 

তাদের দাবি, কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তাকে প্রধান পদ থেকে সরিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করতে হবে। কোনো বহিরাগতকে প্রধান পদে রাখা যাবে না। 

এরআগে ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আরমানদের সঙ্গে অংশ না নিয়ে রাফি ও বায়েজীদ পৃথক বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 

এর আগে রোববার রাতে ২৩৭ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। 

তবে পরদিন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ জন পদত্যাগের ঘোষণা দিয়ে আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। 

একই সঙ্গে মূল পদে জেলার বাহিরের কাউকে না রেখে নতুন কমিটি ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় পদত্যাগকারীরা। 

আগের সংবাদ

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে ২৮ জনের পদত্যাগ