২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় এক মিনিটের টর্নেডোয় ১৫ ঘরবাড়ি লণ্ডভণ্ড

বাতাসে বেশিরভাগ ঘরের টিনের চালা উড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এক মিনিটের টর্নেডোয় ১৫ ঘরবাড়ি লণ্ডভণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হওয়া একটি বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 08:15 PM

Updated : 06 Oct 2023, 08:15 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মিনিটের টর্নেডোর আঘাতে অন্তত ১৫টি ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ডের খবর পাওয়া গেছে। ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেরাতলি গ্রামে এ ঘটনা ঘটে বলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিন জানান।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বিকালে হঠাৎ টর্নেডো আঘাত হানে। মুহূর্তেই ১৫টি ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়। বাতাসে বেশিরভাগ ঘরের টিনের চালা উড়ে গেছে।

এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে; পাশাপাশি গাছপালা ভেঙে বাড়ি-ঘরের উপর পড়েছে।

ইউএনও সরওয়ার বলেন, প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানান ইউএনও।